চীনের স্বায়ত্তশাসিত তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। তাঁদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা জানতে উদ্ধার অভিযান চালাচ্ছে স্থানীয় প্রশাসন।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১০টা ৩৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টারের (সিইএনসি) তথ্য অনুযায়ী, ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
ভূমিকম্পে বেশ কয়েকটি গ্রামের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গম পার্বত্য এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করতে উদ্ধারকারীদের বেগ পেতে হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সামরিক উদ্ধারকারী দলকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পাঠানো হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পের পর ওই এলাকায় ৩ থেকে ৪ মাত্রার কয়েকটি পরাঘাত অনুভূত হয়েছে।
সিইএনসির তথ্যমতে, ২০২৪ সালের জানুয়ারির পর চীনে এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের ঘটনা। তবে হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে ২০১০ সালে প্রতিবেশী কিংহাই প্রদেশের ইউশু এলাকায় ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে ২ হাজার ৬৯৮ জন নিহত হন। এ ঘটনায় আরও তিন শতাধিক মানুষ নিখোঁজ হয়েছিলেন।

মন্তব্য করুন