দক্ষিণ আফ্রিকার কেপটাউনে চাঁদা নিয়ে বিরোধের জেরে মারুফ বেপারি নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মারুফ শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের পশ্চিম সিড্যা এলাকার বাসিন্দা। স্বজনদের দাবি, চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানানোয় তাঁকে হত্যা করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে কেপটাউনের বুস্টার এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে মারা যান মারুফ। বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যুর খবর পরিবারের সদস্যদের জানানো হয়।
স্বজনদের বরাতে জানা গেছে, জীবিকার সন্ধানে ১৪ বছরেরও বেশি সময় আগে দক্ষিণ আফ্রিকায় যান মারুফ। সেখানে ব্যবসা করে তিনি পরিবার চালাতেন। অভিযোগ, স্থানীয় একটি সন্ত্রাসী গোষ্ঠী তাঁর কাছে প্রতি মাসে ৫০০ দক্ষিণ আফ্রিকান র্যান্ড চাঁদা দাবি করত। সম্প্রতি এ টাকা দেওয়া নিয়ে তাঁদের সঙ্গে বিরোধ তৈরি হয়।
মারুফের ভাতিজা কামরুজ্জামান বেপারির দাবি, গত তিন মাসের মধ্যে এক মাস দোকান চালানোয় মারুফ শুধু ওই মাসের চাঁদা দিতে চেয়েছিলেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তিরা টাকা নিয়ে চলে যায়। পরে ফিরে এসে তাঁকে গুলি করে হত্যা করে।
মারুফের মরদেহ বর্তমানে দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে রয়েছে। তা দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজনেরা।
সিড্যা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুবেল আকনও মারুফের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
মারুফ তিন সন্তানের জনক ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন