বাংলাদেশের বেসরকারি খাতে আগামী পাঁচ বছরে ১ ট্রিলিয়ন ইয়েন বা ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে জাপান।

নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর উপলক্ষে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকের পর যৌথ বিবৃতিতে এ বিনিয়োগের ঘোষণা আসতে পারে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই বিনিয়োগের অন্যতম লক্ষ্য বাংলাদেশকে একটি আঞ্চলিক বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়ে তোলা। এ ক্ষেত্রে অটোমোবাইল, উৎপাদনশিল্প এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে।

এ ছাড়া জাপানি ট্রেডিং প্রতিষ্ঠান সুমিতোমো করপোরেশনসহ বিভিন্ন অংশীদারের উদ্যোগে গড়ে ওঠা বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে জাপানি কোম্পানিগুলোর বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ ও জাপানের মধ্যে একটি অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এই উদ্যোগ দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে ভূমিকা রাখতে পারে।