শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার থেকে টানা পাঁচ দিন বন্ধ থাকছে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। ফলে এ সময়ে সাধারণ ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও বন্ধ থাকবে লেনদেন।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে।
একই সময়ে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও কোনো লেনদেন হবে না।
তবে ছুটির মধ্যেও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে বিশেষ ব্যবস্থা থাকছে। সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথগুলোতে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এ জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
উল্লেখ্য, পূজার ছুটির সমন্বয়ে গত শনিবার সরকারি-বেসরকারি অফিস ও ব্যাংক খোলা রাখা হয়েছিল।
তাই ব্যাংকিং লেনদেন, চেক জমা বা জরুরি আর্থিক কাজ থাকলে ছুটি শুরুর আগেই প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন