সৌদি আরবে দুই প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের খবর নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ধর্মের নামে মানুষের ভালোবাসা, স্বাধীনতা ও বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়ার সমালোচনা করে তিনি বলেছেন, মানুষের জীবনের চেয়ে বড় কোনো ধর্ম হতে পারে না।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে নিজের প্রতিক্রিয়া জানান শ্রীলেখা। প্রযুক্তির অভাবনীয় অগ্রগতির মধ্যেও ধর্মের নামে মানুষের ওপর নির্যাতনের ঘটনা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

শ্রীলেখা লেখেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট ও আধুনিক প্রযুক্তিতে বিশ্ব এগিয়ে যাচ্ছে। অথচ ধর্মের নামে মানুষের ভালোবাসা, স্বাধীনতা এবং বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।

সৌদি আরবে একটি মসজিদে চুম্বন করার ঘটনায় দুই ব্যক্তির শিরশ্ছেদের খবর উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, ভালোবাসার জন্য কেন দুজন মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হবে?

ধর্মীয় উগ্রতা ও মৌলবাদের সমালোচনা করে অভিনেত্রী বলেন, ইসলাম, হিন্দুধর্ম কিংবা খ্রিষ্টধর্ম, যে ধর্মের নামেই হোক, ভয়, ঘৃণা ও হিংসা ছড়ানো তাঁর কাছে সমানভাবে নিন্দনীয়। তাঁর মতে, সব ধর্মের মূল শিক্ষা হওয়া উচিত ভালোবাসা।

সৌদি আরব, ইরান কিংবা বিশ্বের অন্য কোথাও মানুষের স্বাধীনতা ও জীবনের অধিকার লঙ্ঘিত হলে প্রতিবাদ কেন সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি পোস্টে সীমাবদ্ধ থাকবে, সেই প্রশ্নও তোলেন শ্রীলেখা।

নিজের অনুভূতি প্রকাশ করে তিনি জানান, এ ধরনের ঘটনা তাঁকে গভীরভাবে প্রভাবিত করে। অন্য অনেকের মতো সহজে সবকিছু ভুলে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া তাঁর পক্ষে সম্ভব হয় না।

পোস্টের শেষাংশে মানুষের জীবন ও ভালোবাসার গুরুত্ব তুলে ধরে শ্রীলেখার বক্তব্য, ধর্মীয় পরিচয় যা-ই হোক, মানুষের জীবনের চেয়ে বড় কিছু হতে পারে না।