একই পদ্ধতিতে বারবার পাঠদান করে ভিন্ন ফল আশা করা যায় না বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীরা পাঠ কতটা বুঝতে পারছে, তা মূল্যায়ন করে প্রয়োজন অনুযায়ী পাঠদানের পদ্ধতি পরিবর্তনের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী এ আহ্বান জানান।
শিক্ষকদের নিজেদের পাঠদানের কার্যকারিতা নিয়মিত মূল্যায়নের পরামর্শ দিয়ে তিনি বলেন, প্রতিটি অধ্যায় পড়ানোর পর শিক্ষকদের নিজেদের প্রশ্ন করা উচিত, কতজন শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছে এবং যারা বুঝতে পারেনি, তাদের শেখানোর ক্ষেত্রে কী পরিবর্তন আনা প্রয়োজন।
মন্ত্রী বলেন, একই পদ্ধতিতে বারবার পড়িয়ে ভিন্ন ফল আশা করা যাবে না। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের কাজ, প্রশ্ন ও ভুল থেকে পাওয়া তথ্য কাজে লাগিয়ে পাঠদানের পদ্ধতি উন্নত করা শিক্ষকতার গুরুত্বপূর্ণ অংশ।
শিক্ষার্থীদের শেখার অগ্রগতি নিশ্চিত করতে প্রচলিত পদ্ধতির পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নতুন কৌশল গ্রহণ এবং পাঠদানের কার্যকারিতা যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।


মন্তব্য করুন