শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে সারা দেশে একযোগে ৫৪ জেলায় খাল পুনঃখনন কর্মসূচি শুরু হয়েছে। এর অংশ হিসেবে দিনাজপুরের কাহারোল উপজেলায় ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে দিনাজপুরে কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধনের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “দেশের নদী-নালা, খাল ও জলাধার আমাদের প্রাকৃতিক সম্পদের গুরুত্বপূর্ণ অংশ। এগুলো সংরক্ষণ ও পুনরুদ্ধার করা না গেলে কৃষি উৎপাদন, পরিবেশ ও জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই দেশব্যাপী নদী ও খাল পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ সচল রাখা এবং কৃষি উন্নয়ন নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।”

তিনি আরও বলেন, “এই কর্মসূচির মাধ্যমে একদিকে জলাবদ্ধতা কমবে, অন্যদিকে কৃষকরা সেচ সুবিধা পাবে। ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।”

নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রথম ধাপে আগামী ছয় মাসে এক হাজার ২০০ কিলোমিটার নদী-নালা ও খাল-বিল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরের মধ্যে সারা দেশে মোট ২০ হাজার কিলোমিটার নদী-নালা ও খাল-বিল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন এলাকার মৃতপ্রায় ও ভরাট হয়ে যাওয়া খালগুলো পুনরায় খনন করা হবে, যাতে সেচব্যবস্থা উন্নত হয় এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমানো যায়। পাশাপাশি মাছ চাষ, হাঁস পালনসহ খালনির্ভর অর্থনৈতিক কার্যক্রম জোরদার করার পরিকল্পনাও রয়েছে।

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নদী ও খাল পুনঃখনন শুধু উন্নয়ন কার্যক্রম নয়; এটি পরিবেশ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। দেশের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে এ ধরনের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কাহারোল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অলিউর রহমান বলেন, এই খালের শেষ প্রান্ত জগন্নাথপুর এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কার্যক্রমে এসেছিলেন। প্রায় ৪৮ বছর পর আবারও একই এলাকায় তারই সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে খাল পুনঃখনন কাজ শুরু হওয়ায় এলাকাবাসী আনন্দিত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ মঞ্জুরুল ইসলাম মঞ্জুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।