কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩১ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ ২০২৬) ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের নওদাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মো. খন্দকার ফজলে রাব্বি, পিপিএম–এর সার্বিক দিকনির্দেশনায় রৌমারী থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় ৩১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে নওদাপাড়া এলাকার মো. শফিজল হক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বির দিকনির্দেশনায় কুড়িগ্রাম জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রৌমারী থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
