জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত দিয়ে ৫’জন নারী-পুরুষকে ফেরত পাঠালেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

আটক বাংলাদেশি নাগরিকদের বুধবার দুপুরে কয়া সীমান্তের ২৭১/৫৪ পিলার এলাকায় বিজিবির হাতে তুলে দেন বিএসএফ। দেশে ফেরত আসা ব্যাক্তিরা হলেন, খুলনা সদর উপজেলার দক্ষিণ টুটপাড়া গ্রামের পরান মোড়লের ছেলে মুরাদ মোড়ল (৩০), মুরাদের স্ত্রী সাগরিকা বেগম (২৫) মুরাদের ২’ছেলে রমজান মোড়ল (০৮) ও মোঃ মুসকান মোড়ল (০৫) এবং মেয়ে মোছাঃ আমেনা মোড়ল (০২)।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল মোঃ আরিফুর দৌলা এ তথ্য জানান।

কয়া ক্যাম্প কমান্ডার সু্বেদার আলাউদ্দিন জানান, মঙ্গলবার রাতে কয়া সীমান্তের ৩৫০ গজ অভ্যন্তরে ২৭১ মেইন পিলারের ৫৪ এস পিলার এলাকায় বৃষ্টির মধ্যেই তাদেরকে ঘোরাফেরা করতে দেখে বিএসএফের সাথে যোগাযোগ করা হয়। বিজিবি-বিএসএফ সমঝোতায় তাদেরকে বিজিবির হাতে তুলে দেন। এরপর তাদেরকে আটক করে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়।

পাঁচবিবি থানার ওসি মোঃ ময়নুল ইসলাম জানান, বিজিবি ৫’জন শিশু নারী-পুরুষকে থানায় জমা দিয়েছে।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, ভারতে চিকিৎসা শেষে দেশে আসার সময় বিএসএফ তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট তাদেরকে হস্তান্তর করা হবে বলে জানান থানার ওসি।