গাজীপুরে প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১১ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলার প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন কর্মরত সাংবাদিক ও সচেতন নাগরিকবৃন্দ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে যমুনা টেলিভিশনের লালমনিরহাট জেলা প্রতিনিধি ও কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লাডলার সভাপতিত্বে, কালীগঞ্জ প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, মফস্বল সাংবাদিক সোসাইটি, বাংলাদেশ প্রেসক্লাব এর কর্মরত টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন মাধ্যমের সংবাদকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যা রাষ্ট্র ও সমাজের জন্য কলঙ্কজনক। সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের সুরক্ষার প্রতিশ্রুতি বারবার শোনা গেলেও বাস্তবে তার প্রতিফলন নেই।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জিটিভি’র লালমনিরহাট জেলা প্রতিনিধি আলতাফুর রহমান আলতাফ, দৈনিক মুক্তির সম্পাদক নুর আলমগীর অনু, ডিবিসি লালমনিরহাট জেলা প্রতিনিধি নিয়াজ আহম্মেদ সিপন, স্টার নিউজ জেলা প্রতিনিধি সাব্বির আহম্মেদ লাভলু, সবুজ নিশান পত্রিকার জেলা প্রতিনিধি ওসমান গনি, ইন্ডিপেন্ডেন্ট টিভি জেলা প্রতিনিধি মাহফুজ রহমান, বাংলাদেশ মিডিয়ার জেলা প্রতিনিধি মোসলেম উদ্দিন রনি, ভোরের চেতনার উপজেলা প্রতিনিধি আলামিন বাবু, দাবানল পত্রিকার উপজেলা প্রতিনিধি রাজু মিয়া দুখু সহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
