‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’-এই প্রতিপাদ্য নিয়ে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে কাজিপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ মে) দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পাবনা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, কাজিপুর সিরাজগঞ্জ এর আয়োজনে সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার তরফদারের সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রথম রাউন্ড ও সেমিফাইনাল পর্বে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ প্রভাষক ফিরোজ হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, সমবায় অফিসার খালেদুজ্জামান খান। মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, উপজেলা স্কাউট এর সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক মাহবুব তালুকদার শরিফ, গান্ধাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের এক অংশ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন তালুকদার, হোসনে আরা খাতুন, মাওলানা মোঃ আব্দুল কাদের, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ তারা মাস্টারসহ অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। উপজেলা পরিষদ অডিটোরিয়াম ৮টি প্রতিষ্ঠানের ২৪ জন শিক্ষার্থীর ৮টি দলের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা প্রথম রাউন্ড ও সেমিফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।