ইরাকের রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলে একটি গাড়িবোমা বিস্ফোরণে ১০ জন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছেন। শনিবার একটি ফুটবল স্টেডিয়াম ও ক্যাফের কাছে গ্যারেজে এ বিস্ফোরণ হয়। তবে, এ হামলার দায় কেউ স্বীকার করেনি। খবর রয়টার্সের।

দেশটির নিরাপত্তা বাহিনী ও স্বাস্থ্য বিভাগের একাধিক সূত্র জানিয়েছে, একটি ফুটবল স্টেডিয়ামের কাছের একটি গ্যারাজে রাখা গাড়িতে বিস্ফোরক বেঁধে রাখা ছিল।

গ্যারাজের কাছেই রাখা ছিল একটি গ্যাসবাহী ট্যাংকার। গাড়িতে বেঁধে রাখা বিস্ফোরক থেকে সেই ট্যাংকারেও বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে বিস্ফোরণ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

ইরাকের কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণে নিহত ব্যক্তিদের বেশির ভাগই কিশোর। এসব কিশোর তাদের বাড়ির কাছের ওই স্টেডিয়ামে ফুটবল খেলছিল।