সৌদি আরবের একটি হজ কোম্পানির দুই শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। চলতি বছরের হজযাত্রীদের সেবায় কাজ করছিল কোম্পানিটি। অনিয়মের অভিযোগে কোম্পানির প্রধান নির্বাহী ও এক শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেছে সৌদি কর্তৃপক্ষ।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হাজিদের পর্যাপ্ত সুবিধা প্রদানে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) এ খবর জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি।সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, কোম্পানিটির পরিচালনা পরিষদের সঙ্গে সমন্বয় এবং মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের দলের পর্যবেক্ষণের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত হবে বলেও জানানো হয়েছে।

এদিকে বুধবার (৬ জুলাই) ইসলামের পবিত্রতম স্থান কাবা শরিফ তাওয়াফের মধ্য দিয়ে এ বছরের হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। প্রায় দশ লাখ মানুষ এবার হজে অংশ নিয়েছেন।বৃহস্পতিবার (৭ জুলাই) মিনার উদ্দেশে যাত্রা শুরু করেছেন হাজযাত্রীরা। ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রখর গরম এড়াতে অনেকেই ছাতা ব্যবহার করছেন।সৌদি হজ মন্ত্রণালয় জানিয়েছে, এবারের হজ মৌসুমে হাজিদের সেবা দেয়া সব সংস্থা ও কোম্পানির কাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।হাজিদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ নিশ্চিত করতে কোনও ব্যত্যয় দেখলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে। হাজিদের সেবায় কোনো ঘাটতি বরদাস্ত করা হবে না বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।