আগামী ২৮ অক্টোবর শহীদ রাসেল দিবসে সাম্প্রদায়িক বিরোধী সমাবেশ করবে বাংলাদেশ যুবমৈত্রী রাজশাহী জেলা ও মহানগর। এদিন বিকেল বেলা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। সোমবার যুবমৈত্রীর জেলা ও মহানগরের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ যুবমৈত্রীর রাজশাহী মহানগর সভাপতি মনিরুজ্জামান মনির। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মহানগর সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, যুবমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা সভাপতি মনিরুদ্দিন পান্না, কেন্দ্রীয় সদস্য মাসুম রেজা বিদ্যুত, আসন্ন ইউপি নির্বাচনে দর্শনপাড়া ইউনিয়নের সম্ভব্য প্রার্থী ও জেলা যুবমৈত্রীর সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, জেলার সহ-সাধারণ সম্পাদক দারেস আলী প্রমুখ।
২০০৬ সালে ঘাতক শিবিরের হাতে নিহত যুবমৈত্রীর নেতা শহীদ রাসেল আহমেদের ১৫তম মৃত্যুবার্ষিকী ২৮ অক্টোবর। এদিন ঢাকায় জামায়াত বিএনপির দুঃশাসননের প্রতিবাদে ১৪ দলের বিক্ষোভ চলাকালে রাসেলকে গুলি করে হত্যা সন্ত্রাসীরা। এসময় তিনি নিহত হন। এরপর থেকে যুবমৈত্রীর নেতৃৃবৃন্দ শহীদ রাসেল দিবস পালন করে আসছে।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতা পর থেকে এদেশকে একটি সাম্পৃদায়িক রাষ্ট্র বানানোর অপচেষ্টা করে যাচ্ছে একটি সম্পৃদায়। স্বাধীনতা বিরোধী শক্তি দীর্ঘ ৫০ বছর ধরে যে ষড়যন্ত্র করে আসছে। মন্দির ভাঙচুর, হামলার মাধ্যমে তাদের সেই আস্ফালন দেখা যাচ্ছে। স্বাধীনতার স্বপক্ষের শক্তি আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করতে হবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসে এরকম হামলা মেনে নেয়া যায় না।
বক্তারা আরও বলেন, অসাম্প্রদায়িক চেতনা ও গণতন্ত্রকে এগিয়ে নিতে শোষণহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় শহীদ রাসেলের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। রাসেলের স্বপ্ন বাস্তবায়নে এদেশের যুব সমাজকে উদ্বুদ্ধ করে যুবমৈত্রীকে যুববান্ধব ও যুব সম্পৃক্ত যুব সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে।
