লাল আভা ছড়িয়ে পশ্চিম আকাশে হেলে পড়েছে সূর্য। এই আনন্দে যেন আকাশে খেলা করছে মেঘদল। সেই আনন্দে তাল মিলিয়ে বাতাসও বইছে বেশ জোরেশোরে। হাওরের অথৈ জলে ভেসে চলছে ছোট-বড় নৌকা।

শেষ বিকেলে হাওরের বুকে দাঁড়িয়ে থাকা ওয়াচ টাওয়ার থেকে সেই দৃশ্য মুগ্ধ হয়ে দেখছেন পর্যটকরা। বর্ষকালে হাকালুকি হাওরের রূপ এমনই।

তাইতো করোনাকালে দীর্ঘদিন ধরে ঘরবন্ধি থাকা মানুষ একটু প্রশান্তির পরশ পেতে এবারের ঈদুল আজহার ছুটিতে হাকালুকি হাওরে ছুটে আসছেন। গত তিনদিনে এখানে প্রায় ৮ হাজার পর্যটক ঘুরতে এসেছেন। এতে আয়-রোজগার বেড়েছে স্থানীয় নৌকা চালকদের। ফলে তাদের মুখেও হাসি ফুটেছে। তবে তাদের কেউই স্বাস্থ্য বিধি মানছেন না।

স্থানীয় বাসিন্দা ও বন বিভাগের হাকালুকি বিট অফিস সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বন্ধ রয়েছে দেশের সব পর্যটনকেন্দ্রগুলো।

দীর্ঘদিন ধরে ঘরবন্ধি মানুষ হাঁপিয়ে ওঠেছেন। তারা একটু প্রকৃতির পরশ পেতে চাইছেন। এ কারেণে ঈদের ছুটিতে মানুষ করোনা ভাইরাসের ভয় উপেক্ষা করে বেড়াতে আসছেন হাকালুকি হাওরে।

ঈদের দিন বুধবার (২১ জুলাই) থেকে তৃতীয়দিন শুক্রবার (২৩ জুলাই) বেলা বারোটা পর্যন্ত সেখানে প্রায় ৮ হাজার পর্যটকের সমাগম ঘটেছে।

সরেজমিনে দেখা গেছে, হাওরপাড়ের হাল্লা গ্রামে সড়কের উপর সারিবদ্ধভাবে রাখা হয়েছে অনেকগুলো গাড়ি। আশপাশের উপজেলাসহ বিভিন্ন এলাকা থেকে হাওরে ছুটে এসেছেন নানা বয়সী মানুষ। যাত্রীদের জন্য অপেক্ষা করছে ছোট-বড় নৌকা। মানুষজন দর কষাকষি করে সেসব নৌকায় উঠে হাওরে ঘুরে বেড়াচ্ছেন। ওয়াচ টাওয়ার থেকে কেউ হাওরে পানিতে ঝাঁপিয়ে পড়ছেন। সাতার কাটছেন।

তবে তাদের অনেকের স্বাস্থ্যবিধি মানছেন না। বন বিভাগের হাকালুকি বিটের দায়িত্বে থাকা কর্মকর্তা ঘুরতে আসা পর্যটকদের স্বাস্থ্যবিধি মানাতে হিমিশিম খাচ্ছেন।

হাওরে ঘুরতে আসা পর্যটক তাওহিদ সারোয়ার মান্না ও সুলতান আহমদ বলেন, করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ঘরে থাকতে থাকতে হাঁপিয়ে ওঠেছি। দীর্ঘদিন ধরে সব পর্যটন কেন্দ্রগুলোও বন্ধ। কোথাও যাওয়া হয়নি। ঈদের কারণে সেই সুযোগটা হয়েছে। তাই হাওরে আমরা বন্ধুরা মিলে ঘুরতে এসেছি। হাওরের পানিতে নেমে গোসল করেছি। এখানকার পরিবেশ মনোমুগ্ধকর। অ

নেকদিন প্রাণভরে একটু শ্বাস নিতে পারছি না। তাই এখানে এসেছি একটু প্রশান্তি পেতে। ভালো সময় কেটেছে। শেষ বিকেলে সূর্য ডোবার দৃশ্য। আকাশে মেঘের খেলা। হাওরের জলে নৌকার বয়ে চলা দৃশ্য দেখে মন জুড়িয়ে গেছে।

স্থানীয় নৌকাচালক রিয়াজ উদ্দিন বলেন, আমরা বর্ষাকালের জন্য অপেক্ষায় থাকি। এ সময় মানুষজন হাওরে ঘুরতে আসেন। তখন আমাদের বাড়তি আয়-রোজগার হয়। এই সময়ে প্রতিদিন নৌকা চালিয়ে ৭ থেকে ৮ হাজার টাকা আয়-রোজগার করা যায়।

বন বিভাগের হাকালুকি বিটের দায়িত্বে থাকা কর্মকর্তা (জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট) তপন চন্দ্র দেবনাথ বলেন, ঈদ উপলক্ষে হাওরে প্রতিদিন মানুষ ঘুরতে আসছেন। তিনদিনে প্রায় ৮ হাজার পর্যটকের সমাগম ঘটছে। মানুষজনের নিরাপত্তা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। তবে এখনও কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটেনি।