দক্ষিণ আফ্রিকা সফরে সেঞ্চুরিয়ন টেস্টে ইনিংস ও ৪৫ রানের ব্যবধানে হার শ্রীলংকার। প্রথম ইনিংসে লংকানদের করা ৩৯৬ রানের জবাবে ফাফ ডু প্লেসিসের ১৯৯ রানের ইনিংসের সুবাদে ৬২১ রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। দুই বছর আগে সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে এরচেয়ে অনেক কম রান করেও সিরিজ জিতেছিল লংকানরা। এবার হল উল্টো অভিজ্ঞতা। দক্ষিণ আফ্রিকার মাটিতে নিজেদের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড গড়েও পেতে হল ইনিংস হারের লজ্জা।

মঙ্গলবার সেঞ্চুরিয়ন টেস্টের চতুর্থদিন চোটজর্জর শ্রীলংকাকে ইনিংস ও ৪৫ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। ক্যারিয়ারসেরা ১৯৯ রানের ইনিংসের সুবাদে ম্যাচসেরা হয়েছেন ফাফ ডু প্লেসিস। তার অনবদ্য ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা তাদের একমাত্র ইনিংসে ৬২১ রানের পাহাড় গড়ে।

ইনিংসে হার এড়াতে দ্বিতীয় ইনিংসে অন্তত ২২৫ করতে হত লংকানদের। দুই উইকেটে ৬৫ রান নিয়ে দিন শুরু করা শ্রীলংকা মঙ্গলবার গুটিয়ে যায় ১৮০ রানে।

প্রথম ইনিংসে পাওয়া চোটে সিরিজ থেকে ছিটকে যাওয়া ধানাঞ্জয়া ডি সিলভা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি। চোট পেয়েছেন দুই বোলার কাসুন রাজিথা ও লাহিরু কুমারাও। কুশাল পেরেরা (৬৪) ও হাসারাঙ্গা (৫৯) ফিফটি না করলে ১৮০ পর্যন্ত যেতে পারত না সফরকারীরা।