ধর্ম নিয়ে আপত্তিকর কটূক্তি, সাম্প্রদায়িক উসকানি ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিতর্কিত ভিক্ষু শরণংকর থেরকে গ্রেপ্তারের দাবিতে রাঙ্গুনিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি অব্যাহত রয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে কাপ্তাই সড়কের উপজেলা সদরের ইছাখালী এলাকায় সচেতন নাগরিক সমাজ, সনাতনী হিন্দু সমাজ ও বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙ্গুনিয়া উপজেলা শাখার যৌথ আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন বিভিন্ন সম্প্রদায়ের কয়েকশ’ মানুষ।
মানববন্ধন শেষে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শৈবাল চক্রবত্তী।
সাধারণ সম্পাদক সুপায়ন সুশীলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মুহাম্মদ আবদুল মাবুদ, এডভোকেট পঙ্কজ কুমার চৌধুরী, বিভূতি ভূষণ সেন, মাস্টার নির্মল কান্তি দাশ, অধ্যাপক অসীম কুমার শীল, হিন্দু মহাজোটের পক্ষ থেকে মাস্টার তপন দত্ত।
কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক এম ইসকান্দর মিয়া তালুকদার, যুগ্ম সম্পাদক মাস্টার রঞ্জন বড়ুয়া, এডভোকেট সোলায়মান চৌধুরী, মাওলানা নুরুল আজিম, মাওলানা আইয়ুব নূরী, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বিজয় সেন, বদিজ্জামান বদি প্রমুখ।
শরণংকর ভিক্ষুকে দ্রুত গ্রেপ্তার করা না হলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলে সমাবেশ থেকে হুঁশিয়ারি দেয়া হয়।
