জুয়া খেলার জন্য টাকা চেয়ে প্রতিবন্ধী স্ত্রীকে নির্যাতনের অভিযোগের ঘটনায় যৌতুক আইনে দায়ের করা মামলায় এক যুবককে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে চট্টগ্রামের একটি আদালত।
মোঃ খোকনকে (৩৫) গ্রেপ্তারে বৃহস্পতিবার (২২ অক্টোবর) পরোয়ানা জারির আদেশ দেন চট্টগ্রাম মহানগর হাকিম খায়রুল আমিন।
খোকন নগরের চান্দগাঁও থানার মোহরা খেজুরতলার ছাবেরের কলোনীর শাহ আলমের ছেলে।
মামলায় অভিযোগ করা হয়, গত বছরের ২৩ নভেম্বর খোকনের সঙ্গে ভুক্তভোগী নারীর বিয়ে হয়। প্রতিবন্ধী ভাতা হিসেবে পাওয়া ও জমানো ১ লাখ ৭০ হাজার টাকা বিয়ের সময় খোকনকে যৌতুক হিসেবে দেয় ভুক্তভোগী নারী। সে টাকা জুয়া ও মাদকের পেছনে খরচ করে ফেলে খোকন।
বাদীর আইনজীবী আসাদুজ্জামান খান বলেন, কিছুদিন ধরে গাড়ি কিনবে বলে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে প্রতিবন্ধী স্ত্রীকে নির্যাতন করে আসছেন খোকন। তবে বাদীর দাবি, গাড়ি নয়, জুয়া-মাদকের পেছনে এ টাকা খরচ করবে খোকন।
‘এর আগে খোকন একটি বিয়ে করেন, সেই ঘরে তার সন্তানও আছে। খোকন এসব তথ্য গোপন রেখে দ্বিতীয় বিয়ে করেন। নিরুপায় হয়ে স্বামী খোকন ও তার বড় বোন মোছাম্মৎ মরিয়মের বিরুদ্ধে প্রতিবন্ধী নারী যৌতুক আইনে মামলা করেছেন।
অভিযোগ আমলে নিয়ে আদালত খোকনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বলে জানান চট্টগ্রাম আদালতের আইনজীবী আসাদুজ্জামান খান।
