চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অনিবন্ধিত ও ফিটনেসবিহীন গাড়ি চলতে পারবে না বলে জানিয়েছেন পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম।
বুধবার (২১ অক্টোবর) ওসি সিরাজুল ইসলাম জানিয়েছেন, চট্টগ্রাম-মহাসড়কে প্রতিনিয়ত যেসব ইয়াবা পাচার হয়ে আসছে সে বিষয়ে কঠোর অবস্থানে থাকবে পটিয়ার ক্রসিং হাইওয়ে পুলিশ।
ইয়াবা পাচারের কোনো ধরনের সংবাদ পাওয়ার সাথে সাথে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশকে অবগত করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, যতই রাত হোক না কেন পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ মহাসড়ক পাহারায় থাকবে। ধ্বংসাত্মক ইয়াবা পাচাররোধে সবসময় পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ প্রস্তুত রয়েছে।
ওসি সিরাজ আরও বলেন, প্রেস স্টিকার লাগিয়ে মহাসড়কে নাম্বার, রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন কোনো যান চলতে পারবে না। এ ধরনের কোন অভিযোগ পাওয়ার সাথে সাথে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে হাইওয়ে পুলিশ বছরব্যাপী নানা কর্মসূচি পালন করছে বলেও জানান ওসি সিরাজুল ইসলাম।
তিনি বলেন, যাত্রীদের নিরাপদ গন্তব্য নিশ্চিত করাই হাইওয়ে পুলিশের প্রধান কাজ। তাছাড়া মহাসড়কে ডাকাতি, চাঁদাবাজি, যানজট নিরসন করার লক্ষ্যে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হয়েছে।
এদিকে মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ- এই স্লোগানে আগামীকাল ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পালিত হবে নিরাপদ সড়ক দিবস। এ উপলক্ষ্যে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, র্যালি।
এছাড়া সড়কে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি পরিবহন মালিক, চালক, যাত্রী ও পথচারীদের সচেতন করার লক্ষ্যে লিফলেট বিতরণ করবে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ।
