সরকারি বিভিন্ন প্রকল্পের নির্মাণকাজ যারা অনিয়মের মাধ্যমে বছরের পর বছর বাগিয়ে নিচ্ছিলেন, তাদের তালিকা তৈরি করা হবে। এরপর বের করা হবে, কাকে কিভাবে কমিশন দিয়ে তারা কাজ পেতেন, সে তথ্য। এরপর নেয়া হবে ব্যবস্থা।
সরকারের দায়িত্বশীল সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।
সম্প্রতি স্বাস্থ্যখাতের কতিপয় কর্মকর্তা-কর্মচারীর ভয়াবহ দুর্নীতি-অপরাধের ভয়াবহ চিত্র বেরিয়ে এসেছে। আরো কয়েকটি সেক্টরে এমন একই চিত্র বলে জানতে পেরেছেন এ কাজের দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বাস্থ্য খাতে যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে, তা পর্যায়ক্রমে তৃণমূলে ছড়িয়ে যাবে।
তিনি আরো বলেন, অনিয়মের আবর্তে থাকা অন্যান্য খাত ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান চলবে। কেউ জবাবদিহির ঊর্ধ্বে নয়, দলীয় পরিচয় দিয়ে দুর্নীতি ও অপরাধ ঢাকা যাবে না। এদিকে গত মঙ্গলবার বেগমগঞ্জে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন বলেছেন, অপরাধে জড়িত সব ‘বাহিনী’ গুঁড়িয়ে দেয়া হবে।
গত বছর ক্যাসিনোবিরোধী অভিযানের মধ্য দিয়ে সরকার দুর্নীতিবিরোধী অভিযান শুরু করে। এতে ধরা পড়েন বিভিন্ন সেক্টরের অনেক রাঘব বোয়াল। দীর্ঘদিন ঝিমিয়ে থাকার পর আবার চাঙ্গা হচ্ছে আভিযানিক কার্যক্রম। বর্তমানেও দুর্নীতিবাজদের তালিকা তৈরি করে তাদের নজরদারিতে রাখা হয়েছে। তারা যেন কোনোভাবে দেশ ছাড়তে না পারেন, সেদিকেও নজর রাখা হচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, শুধু প্রাতিষ্ঠানিক কিংবা রাজধানীকেন্দ্রিক নয়, শুদ্ধি অভিযানের পরিধি দেশের অন্যান্য এলাকায় বিস্তৃত করা হবে। সরকার এমন বার্তা দিতে চায়- দুর্নীতি, অনিয়ম কিংবা অপরাধ করলে কোনো ছাড় পাওয়া যাবে না।
তিনি আরো বলেন, যত ক্ষমতাধরই হোক, অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে। দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি কার্যালয়ে যে সিন্ডিকেট গড়ে উঠেছে, তা ভেঙে দিতে চান নীতিনির্ধারকরা। জনমনে যেন বিশ্বাস তৈরি হয়- দুর্নীতি ও অপরাধ করলে ছাড় পাওয়া যাবে না। সরকারের বর্তমান ও সাবেক কোনো উচ্চপদস্থ কর্মকর্তা নামে-বেনামে সম্পদের পাহাড় গড়েছেন কি না, তদন্ত হবে তা নিয়েও।
