নাগ অশ্বিনের বিশাল বাজেটের একটি সিনেমায় ‘বাহুবলী’খ্যাত প্রভাসের সঙ্গে ইতোমধ্যেই যুক্ত হয়েছেন দীপিকা পাড়ুকোন। এই দুই সুপারস্টারের সঙ্গে এবার যুক্ত হলেন বলিউডের ‘বিগ বি’ অমিতাভ বচ্চন।ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে এই বড় ঘোষণাটি করেন প্রভাস নিজেই। পোস্টের ক্যাপশনে প্রভাস লিখেছেন, অবশেষে তার স্বপ্নপূরণ হতে চলেছে। কিংবদন্তি অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করার সুযোগ পাচ্ছেন তিনি।
লকডাউনের সময়েই নতুন সিনেমার কথা জানিয়েছিলেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক নাগ অশ্বিন। তাতে প্রভাস এবং দীপিকার জুটি বাঁধার কথাও জানান তিনি। এবার সেই তালিকায় অমিতাভ বচ্চনের নাম যুক্ত হওয়ায় দর্শকদের প্রত্যাশা কয়েকগুণ বেড়ে গেল।
শোনা যাচ্ছে, বিশাল বাজেটের সিনেমা তৈরি করতে চলেছেন নাগ অশ্বিন। এতে যে সিনেম্যাটিক এক্সপোজারের কথা তিনি ভেবে রেখেছেন, তা নাকি আগে কখনও ভারতীয় দর্শক দেখেননি।
