চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা ও দায়িত্বরত চিকিৎসককে মারধরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

পরে হাসপাতাল প্রাঙ্গণে পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাবেদের সভাপতিত্বে ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রিজোয়ান সিদ্দিকির সঞ্চালনায় চিকিৎসকদের মধ্যে বক্তব্য রাখেন, ডা. সুরজিত ঘোষ, কাজী ফারহানা নুর, সৌমেন বড়ুয়া, নুসরাত নাজ, সূচীত্রা দেব, সিম্পল দে, রাজীব দে, পাপিয়া চক্রবর্তী, সুব্রত নন্দী, গিয়াস উদ্দিন, ফাহিমূল হাসান, মাহফুজুর রহমান, সানজানা ছালাম, নাঈমা উদ্দিন, নাজিয়া নুর, সামিয়া আকতার, নুসরাত জাহান, আয়েশা মর্তুজা, রিদোয়ানুল হক, পূর্ণা তালুকদার, শ্রাবনী দাশ গুপ্ত, মুর্শিদা আকতার।

হাসপাতালের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য দেন দেবাশীষ বড়ুয়া সাজু, রবিউল হোসেন রবি, অলক দাশ, আহসান হবিব, রনি দাশ, জাকির হোসেন, রাজীব চক্রবর্তী, রাজীব চৌধুরী, নার্সদের মধ্যে সাহেদা পারভীন, অর্পিতা দে প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জিয়া উদ্দিন সাকিব ও কর্মচারীর উপর হামলাকারীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে লাগাতার কর্মবিরতি ঘোষণা করা হবে। অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

ভবিষ্যতে যাতে এই ধরনের হামলা আর কেউ চালাতে না পারে সেজন্য চিকিৎসক সমাজের জন্য নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করতে সরকারের কাছে দাবি জানান চিকিৎসকরা।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার (৯ অক্টোবর) সকালে এক শিশুর পুকুরে ডুবে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা ও চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে।

এ ঘটনায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জিয়া উদ্দিন মুহাম্মদ সাকিব বাদী হয়ে পটিয়া থানায় দুইজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।