চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১২২ সদস্যসহ মোট ৮৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী পৃথক অভিযানে আরও ৩৪৬ জনকে আটক করেছে পুলিশ।
​শনিবার (২৮ নভেম্বর) পরিচালিত এই বিশেষ অভিযানের বিস্তারিত তথ্য রোববার (২৯ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়।
​নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেপ্তার
পুলিশের দেওয়া তথ্যমতে, গ্রেপ্তারকৃতদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১২২ জন সদস্য রয়েছেন। জেলাভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে চট্টগ্রাম জেলায় (৩০ জন) এবং কুমিল্লায় (২৯ জন)। এ ছাড়া নোয়াখালীতে ১৭, চাঁদপুরে ১১, কক্সবাজারে ৯, ফেনীতে ৮, ব্রাহ্মণবাড়িয়ায় ৫, রাঙামাটিতে ৫, লক্ষ্মীপুরে ৪ এবং খাগড়াছড়িতে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
​মামলা ও গ্রেপ্তার চিত্র
সর্বমোট ৮৫১ জন গ্রেপ্তারের মধ্যে নিয়মিত মামলায় ৮৫ জন, পুরোনো মামলায় ১৬৪ জন, পরোয়ানাভুক্ত ৮৫ জন এবং সাজা পরোয়ানাভুক্ত ২০ জন রয়েছেন। এ ছাড়া পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪৮ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ২ জন এবং ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
​মাদকবিরোধী অভিযান ও উদ্ধার
মাদক নির্মূলে পরিচালিত অভিযানে ২৫টি মামলা দায়েরসহ মোট ৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ৬৭ জন মাদকসেবী এবং ২৫ জন মাদক ব্যবসায়ী। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৮ জনকে কারাদণ্ড ও ৩ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে—
​২০ হাজার ৫১০টি ইয়াবা বড়ি
​৩৩ কেজি গাঁজা
​১২১ বোতল বিদেশি মদ ও ১০ বোতল হুইস্কি
​২৭৬টি ট্যাপেন্টাডল ট্যাবলেট
​কিশোর গ্যাংবিরোধী তৎপরতা
অন্যদিকে, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধে রেঞ্জজুড়ে আটক করা হয়েছে ৩৪৬ জনকে। এর মধ্যে ১৬১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হলেও ১৮৫ জনের বিরুদ্ধে নিয়মিত আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এই অভিযানে সর্বোচ্চ ১৯৩ জন আটক হয়েছে কুমিল্লা জেলায়। এ ছাড়া চট্টগ্রামে ৩৬, লক্ষ্মীপুরে ২৬, খাগড়াছড়িতে ২২, নোয়াখালীতে ২০, কক্সবাজারে ১৫, চাঁদপুরে ১৪, ব্রাহ্মণবাড়িয়ায় ৯, বান্দরবানে ৬ এবং রাঙামাটিতে ৫ জনকে আটক করা হয়।