বোরো ধানের বীজতলা তৈরির মৌসুমে এখনও বিনামূল্যে বীজ ও সার পাননি হবিগঞ্জ জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা। হাওর এলাকায় বীজতলা তৈরির কাজ প্রায় শেষ হলেও সরকারি প্রণোদনা না পাওয়ায় বিপাকে পড়েছেন প্রান্তিক চাষিরা। তবে কৃষি বিভাগ জানিয়েছে, বরাদ্দপত্র পাওয়া গেছে এবং তালিকা চূড়ান্ত করে দ্রুত তা বিতরণ করা হবে। বানিয়াচং উপজেলার পূর্বগড় গ্রামের কৃষক ফারুক মিয়া জানান, গত বোরো মৌসুমে ১৪ কেয়ার জমিতে আবাদ করতে তিনি ৫ কেজি বীজ ও ২০ কেজি সার প্রণোদনা পেয়েছিলেন কিন্তু অতিবৃষ্টি, আগাম বন্যা ও ইঁদুরের আক্রমণে কাঙ্খিত ফসল পাননি। এবার নিজের ও বর্গা মিলিয়ে ১৮ কেয়ার জমিতে বোরো আবাদের প্রস্তুতি নিলেও এখনও কোনো সরকারি সহায়তা পাননি তিনি। বানিয়াচংয়ের অধিকাংশ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের একই চিত্র।
হেমন্তের শেষভাগে শীতের আমেজ বাড়ায় জেলার হাওর ও সমতল এলাকায় বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। প্রতিবছর বীজতলা মৌসুমে প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দেওয়া হলেও এবার এখনও তা হাতে পৌঁছায়নি।
হবিগঞ্জৎজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে হবিগঞ্জে মোট ৫ হাজার ৬৭২ হেক্টর জমিতে বোরো বীজতলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৪৬ হেক্টর হাইব্রিড, ৩ হাজার ৬২৩ হেক্টর উফশী এবং ২ হেক্টর স্থানীয় জাতের। এর মধ্যে সবচেয়ে বেশি ১ হাজার ৫০৩ হেক্টর লক্ষ্যমাত্রা রয়েছে বানিয়াচং উপজেলায়। এ ছাড়া জেলার নয়টি উপজেলায় মোট ১ লাখ ২৩ হাজার ৬৫৬ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
বানিয়াচং উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদের সদস্য মোবারক হোসেন বলেন, গত বোরো মৌসুমে তার ওয়ার্ডের ১০-১২ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বীজতলার জন্য বিনামূল্যে বীজ ও সার পেয়েছিলেন। কিন্তু এবার বীজতলা তৈরির সময় শেষ পর্যায়ে এলেও এখনও প্রণোদনা মেলেনি। শুধু বানিয়াচং উপজেলা নয়, জেলার সকল উপজেলারই একই চিত্র। আজমিরীগঞ্জ উপজেলার বাসিন্দা জিহান আহমেদ বলেন- বীজতলা তৈরীর সময় শেষ হয়ে যাচ্ছে অথচ কৃষি অফিসের প্রণোদনার বীজ সার দেয়ার কোন খবর নেই।
তিনি বলেন- সময় চলে গেলে বীজ সার দিয়ে কি হবে এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ দ্বীপক কুমার পাল বলেন, বীজতলা মৌসুমে বিনামূল্যে বীজ ও সার বিতরণের বরাদ্দপত্র পাওয়া গেছে। জেলার ১০ হাজার কৃষকের একটি তালিকা প্রস্তুত করা হবে। জেলা ও উপজেলা পর্যায়ের সভার মাধ্যমে তালিকা চূড়ান্ত করে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হবে। সাধারণত অক্টোবরের মধ্যেই বরাদ্দ পাওয়া গেলেও এবার কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান তিনি। ভাটি এলাকায় বীজতলা তৈরির কাজ শেষ হলেও উঁচু ও সমতল ভূমিতে কাজ এখনও চলছে।

মন্তব্য করুন