কক্সবাজারের উখিয়ার ইনানীতে দীর্ঘ এক মাস ধরে জ্বলতে থাকা গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে আনার মাত্র দুই দিনের মাথায় সেখানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কূপ এলাকায় কারিগরি জরিপ (সার্ভে) চলাকালে এ দুর্ঘটনা ঘটে। এতে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) এক উপমহাব্যবস্থাপকসহ (ডিজিএম) অন্তত সাতজন কর্মী দগ্ধ ও আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও বাপেক্স সূত্রে জানা গেছে, উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী খাল ব্রিজ সংলগ্ন এলাকায় কূপটির আগুন নেভানোর পর পরবর্তী পদক্ষেপ নির্ধারণে জরিপ কাজ চালাচ্ছিলেন বাপেক্সের একটি বিশেষজ্ঞ দল। দুপুর সাড়ে ১২টার দিকে কাজ চলাকালীন হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং কূপের মুখ থেকে আগুনের কুণ্ডলী বেরিয়ে আসে। এতে ঘটনাস্থলে থাকা সাত কর্মী দগ্ধ ও আহত হন।
বাপেক্সের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ড. আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে বাপেক্সের ডিজিএম রাকিবুল হাসান, রিগ মেকানিক ফিরোজ আহমেদ ও মোহাম্মদ জনির পরিচয় পাওয়া গেছে। বিস্ফোরণের পরপরই আহতদের উদ্ধার করে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হলেও গুরুতর দগ্ধ ও আহত তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর উখিয়ার ছোট ইনানী খাল ব্রিজ এলাকায় একটি গভীর নলকূপ স্থাপনের সময় হঠাৎ ভূগর্ভ থেকে তীব্র বেগে গ্যাস উদ্গিরণ শুরু হয় এবং একপর্যায়ে তাতে আগুন ধরে যায়। টানা এক মাস ধরে আগুন জ্বলতে থাকার পর গত ২৭ নভেম্বর বাপেক্সের বিশেষজ্ঞ দল সফলভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিল। আগুন নেভার পর কূপ এলাকার বর্তমান পরিস্থিতি ও গ্যাসের চাপ পর্যবেক্ষণে জরিপ কাজ শুরু করা হয়েছিল, যার মধ্যেই এই অনাকাঙ্ক্ষিত বিস্ফোরণের ঘটনা ঘটল।

মন্তব্য করুন