নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুটবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার ভোর পৌনে ৫টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের রিয়া গোপ স্টেডিয়ামের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি পার্ক করে রাখা ট্রাকটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেন। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান তারা। এ সময় পাশের ট্রাকগুলোর চালকেরা ঘুম থেকে উঠে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

ট্রাকচালক মামুন জানান, চট্টগ্রাম থেকে পাঁচটি ট্রাকে করে গার্মেন্টসের পরিত্যক্ত কাপড় (ওয়েস্টেজ ঝুট) নিয়ে তারা নারায়ণগঞ্জে আসেন। ভোর ৪টার দিকে লিংক রোডের পাশে ট্রাকগুলো পার্ক করে তারা ঘুমিয়ে পড়েন। পরে আগুনের খবর পেয়ে উঠে ট্রাকে আগুন জ্বলতে দেখেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

শিবু মার্কেট ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা (সিনিয়র স্টেশন অফিসার) অপূর্ব বল জানান, ট্রাকে ঝুট বোঝাই থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকে আগুন জ্বলতে দেখে। কারা কী কারণে আগুন দিয়েছে, তা তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।