রাজধানী ঢাকার গণপরিবহণ ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের আওতায় রোববার (১ নভেম্বর) ছয়টি রুটে একক কোম্পানির বাস চলাচল শুরু হচ্ছে।

বর্তমানে ঢাকায় চালু থাকা ৯৮টি বাস রুট পুনর্বিন্যাস করে ৩২টি সমন্বিত রুটে রূপান্তরের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে ছয়টি রুট চালু করা হচ্ছে। পর্যায়ক্রমে বাকি রুটগুলোও এ ব্যবস্থার আওতায় আনা হবে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি নির্ধারিত রুটে একটি কোম্পানির মাধ্যমে বাস পরিচালনা করা হবে। এতে যাত্রী ওঠানোর প্রতিযোগিতা কমবে এবং বাস চলাচলে শৃঙ্খলা ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নতুন ছয়টি রুট হলো—গাজীপুরের শিববাড়ী থেকে আজিমপুরের ঢাকেশ্বরী মন্দির, মিরপুর চিড়িয়াখানা থেকে চুনকুটিয়া, মোহাম্মদপুরের ঘাটারচর থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার, বসিলা থেকে নারায়ণগঞ্জের চিটাগাং রোড, ঘাটারচর থেকে ধউর ব্রিজ এবং টঙ্গী কলেজ গেট থেকে আজিমপুরের ঢাকেশ্বরী মন্দির।

ডিটিসিএর নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান জানান, যাত্রীদের চাহিদা, সড়কের ধারণক্ষমতা ও যানবাহন চলাচলের তথ্য বিশ্লেষণ করে ৯৮টি রুটকে ৩২টি সমন্বিত রুটে আনার পরিকল্পনা করা হয়েছে। এর লক্ষ্য রাজধানীর গণপরিবহণ ব্যবস্থাকে আরও পরিকল্পিত, নিরাপদ ও যাত্রীবান্ধব করা।