জাপান সফর শেষে দেশে ফেরার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের ঠিক আগমুহূর্তে এ ত্রুটি ধরা পড়ে। এতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার যাত্রা বিলম্বিত হয়।
প্রতিবেদন অনুযায়ী, টোকিওর স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে বিমানটি টার্মিনাল ছেড়ে উড্ডয়নের প্রস্তুতি নেয়। তবে রানওয়েতে পৌঁছানোর পর সেটি থেমে যায়।
প্রায় ১৫ মিনিট পর বিমানের ক্যাপ্টেন মো. ইমামুল ইসলাম যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়ন সম্ভব হচ্ছে না বলে যাত্রীদের জানান। তিনি বলেন, ত্রুটি শনাক্ত ও মেরামতে দুজন প্রকৌশলী কাজ করছেন। সমস্যা সমাধান হলে বিমানটি উড্ডয়ন করবে।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর স্ত্রী জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা বিমানের ভেতরেই ছিলেন। পরে তাঁদের সবাইকে বিমান থেকে নামিয়ে আনা হয়।
স্থানীয় সময় রাত ৮টার দিকে আরেকটি ঘোষণায় ক্যাপ্টেন জানান, ত্রুটি মেরামতে আরও আড়াই ঘণ্টা লাগতে পারে।
চার দিনের জাপান সফর শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমানটির টোকিও থেকে রওনা হওয়ার কথা ছিল। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, বাংলাদেশের স্থানীয় সময় রাত ১০টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির অবতরণের কথা ছিল।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ অক্টোবর জাপান সফরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে দেশে ফেরার সময় বিমানটিতে এ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

মন্তব্য করুন