চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় এজাহারনামীয় আসামি ও চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তার শুনানি শেষে তাঁর জামিন আবেদন খারিজ করে আদেশ দেন।

আদালতে ডনের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী মফিজুল ইসলাম আসলাম। শুনানি শেষে বিচারক আবেদনটি নামঞ্জুর করেন।

মামলাসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট ভোর ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করে। পরে ২৭ আগস্ট আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৯ সেপ্টেম্বর তাঁকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

এর আগে একাধিকবার জামিনের আবেদন করেও মুক্তি পাননি ডন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন, যিনি সালমান শাহ নামে পরিচিত, তাঁকে এজাহারভুক্ত অন্যান্য আসামি ও অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেন।