নবম জাতীয় বেতন স্কেল অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণের নিয়ম প্রকাশ করেছে সরকার। নতুন বিধান ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।
বুধবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ জারি করা প্রজ্ঞাপনে ১ জুলাইয়ের আগে ও পরে নিয়োগপ্রাপ্তদের জন্য পৃথক নিয়ম রাখা হয়েছে।
১ জুলাইয়ের আগে নিয়োগ পাওয়া এবং ওই তারিখের পরও চুক্তির মেয়াদ বহাল থাকা ব্যক্তিদের বেতন নতুন বেতন স্কেলের সংশ্লিষ্ট গ্রেড ও ধাপ অনুযায়ী পুনর্নির্ধারণ করা হবে। আর ১ জুলাইয়ের পর নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে অবসরের আগে পাওয়া মূল বেতনের গ্রেড ও ধাপ বিবেচনায় নিয়ে বেতন নির্ধারণ করা হবে।
তবে চুক্তিভিত্তিক নিয়োগকালে বার্ষিক বেতন বৃদ্ধি, আনুতোষিক কিংবা বর্ধিত পেনশনের সুবিধা পাওয়া যাবে না। চুক্তি অনুযায়ী অন্যান্য প্রযোজ্য ভাতা দেওয়া হবে। বিশেষ ক্ষেত্রে সরকার নির্ধারিত বা পারস্পরিক সম্মতিতে চুক্তিতে উল্লেখ করা বেতন কার্যকর হতে পারে।
নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে এ-সংক্রান্ত ২০১৬ সালের আগের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।

মন্তব্য করুন