মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। সৌদি আরবের জ্বালানি স্থাপনায় হুথিদের হামলার দাবি এবং হরমুজ প্রণালিতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এর প্রভাবে শুক্রবার (৩০ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে লেনদেনের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ১১৫ ডলার ছাড়িয়ে যায়।
এদিন ব্রেন্ট ক্রুডের দাম ৮৬ সেন্ট বা শূন্য দশমিক ৭৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৫ ডলার ৭৪ সেন্টে দাঁড়ায়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৭২ সেন্ট বা শূন্য দশমিক ৭১ শতাংশ বেড়ে ১০২ ডলার ৭২ সেন্টে পৌঁছায়।
এ নিয়ে টানা চতুর্থ মাসের মতো বাড়তে চলেছে আন্তর্জাতিক বাজারে দুই ধরনের অপরিশোধিত তেলের দাম। অক্টোবর মাসে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ১৫ শতাংশ বাড়তে পারে।
হুথি বাহিনীর দাবি, তারা সৌদি আরবের রাস তানুরা ও রাবিগ তেল শোধনাগার এবং সৌদি আরামকোর আবকাইক স্থাপনায় হামলা চালিয়েছে।
অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালির দক্ষিণে তিনটি তেলবাহী জাহাজ সমুদ্রের মাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ বাড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও অস্থির হয়ে উঠতে পারে।

মন্তব্য করুন