রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ষষ্ঠ দিনেও স্বাভাবিক হয়নি যান চলাচল। এতে পর্যটকশূন্য হয়ে পড়েছে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি। ক্ষতির মুখে পড়েছেন রিসোর্ট-কটেজ মালিক, পরিবহন শ্রমিক ও স্থানীয় ব্যবসায়ীরা।
সোমবার (২৬ অক্টোবর) আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের বৈঠক হলেও কোনো সমঝোতা হয়নি। ফলে অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন।
আন্দোলনকারীদের দাবি, সাজেক থেকে সন্তু লারমা-সমর্থিত সশস্ত্র সদস্যদের সরিয়ে নিতে হবে এবং তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে।
এর আগে গত ২২ অক্টোবর সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় প্রায় তিন হাজার পর্যটককে সাজেক থেকে খাগড়াছড়ির দিকে ফিরিয়ে নেওয়া হয়। এরপর থেকে পর্যটন কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে।
সাজেক রিসোর্ট ও কটেজ ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা জানান, সাজেকের প্রায় ১৩০টি রিসোর্ট ও কটেজ পর্যটকশূন্য। রেস্তোরাঁ, দোকানপাট ও পর্যটনসেবার সঙ্গে যুক্ত কয়েকশ মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। স্থানীয় কৃষিপণ্য বিক্রিও ব্যাহত হচ্ছে।
পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অবরোধ দীর্ঘায়িত হলে আর্থিক ক্ষতি আরও বাড়বে। তবে সংকটের সমাধান ও সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়ে এখনো নিশ্চিত কোনো সময়সীমা পাওয়া যায়নি।

মন্তব্য করুন