দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে। মুক্তির মাত্র ১১ দিনেই বিশ্বব্যাপী ৭১০ কোটি রুপির বেশি আয় করেছে নেলসন দিলীপকুমার পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমাটি। এর মধ্য দিয়ে সর্বোচ্চ আয় করা তামিল সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে ছবিটি।
বাণিজ্যভিত্তিক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ২৫ অক্টোবর পর্যন্ত ‘জেলার ২’-এর বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ৭১০ কোটি ৩৫ লাখ রুপি। গত ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি শুরু থেকেই দর্শকদের ব্যাপক সাড়া পাচ্ছে।
ভারতের বাজারে ছবিটির নিট আয় ৩৯৮ কোটি ৭০ লাখ রুপি। করসহ দেশটিতে মোট আয় হয়েছে ৪৬৬ কোটি ৮৫ লাখ রুপি। অন্যদিকে, আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ২৪৩ কোটি ৫০ লাখ রুপি।
মুক্তির ১১তম দিনে ভারতের প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটি নিট ২৫ কোটি ৭০ লাখ রুপি আয় করেছে। এর মধ্যে তামিল সংস্করণ থেকে এসেছে ১৭ কোটি ৩৫ লাখ, তেলুগু সংস্করণ থেকে ৪ কোটি ৫০ লাখ, হিন্দি সংস্করণ থেকে ৩ কোটি ১৫ লাখ এবং কন্নড় সংস্করণ থেকে ৭০ লাখ রুপি।
এই সাফল্যের মধ্য দিয়ে ২০১৮ সালে মুক্তি পাওয়া রজনীকান্ত অভিনীত ‘২.০’-এর দীর্ঘদিনের রেকর্ড ভেঙেছে ‘জেলার ২’। ‘২.০’-এর বিশ্বব্যাপী আয় ছিল প্রায় ৬৯১ কোটি রুপি।
এ ছাড়া বিজয় অভিনীত ‘লিও’-এর প্রায় ৬০৫ কোটি রুপি এবং রজনীকান্তের আগের সিনেমা ‘জেলার’-এর প্রায় ৬০৪ কোটি রুপির বিশ্বব্যাপী আয়ের রেকর্ডও ছাড়িয়ে গেছে ছবিটি।
মুক্তির প্রথম সপ্তাহান্তেই একাধিক বক্স অফিস রেকর্ড গড়া ‘জেলার ২’ ২০২৬ সালে মুক্তি পাওয়া তামিল সিনেমাগুলোর মধ্যেও এখন পর্যন্ত সর্বোচ্চ আয়কারী ছবি হিসেবে অবস্থান করছে।

মন্তব্য করুন