খুলনায় তুষার (৩৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের কাছে আনসার উদ্দিন লেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে তাঁর মরদেহের পাশে একটি কালো রঙের নম্বরপ্লেটবিহীন আর-১৫ মোটরসাইকেল পড়ে ছিল।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত তুষার লবণচরা থানার জিন্নাপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজের পর পূর্ব বানিয়াখামারের লোহার গেট এলাকার একটি মাদ্রাসার সামনে ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এরপর তুষার মোটরসাইকেল নিয়ে সেখান থেকে চলে যান। পরে আনসার উদ্দিন লেনের পূর্ব প্রান্তে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।