মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবং স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাস জানিয়েছে, চলমান পরিস্থিতি নিয়ে ছবি, ভিডিও বা তথ্য ধারণ, আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ হতে পারে। এ কারণে ফেসবুক, ইউটিউব, এক্সসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের সংবেদনশীল ছবি, ভিডিও বা তথ্য প্রকাশ না করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি এসব উপাদান মুঠোফোনে সংরক্ষণ কিংবা অন্যদের সঙ্গে শেয়ার করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

জরুরি প্রয়োজনে বাংলাদেশিরা দূতাবাসের শ্রমসংক্রান্ত টোল ফ্রি নম্বর ৮০০১০০০১২৫, পাসপোর্টসংক্রান্ত নম্বর ৮০০১০০০১২৬ এবং কূটনৈতিক শাখার নম্বর ৮০০১০০০১২৪-এ যোগাযোগ করতে পারবেন। মৃত্যুসংক্রান্ত প্রয়োজনে যোগাযোগের নম্বর +৯৬৬৫৭০২১২১৮০।

সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশিকে স্থানীয় আইন ও বিধিবিধান মেনে চলার পাশাপাশি নিজেদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দূতাবাস।