টিসিবি কার্ডসহ সরকারি বিভিন্ন সেবামূলক সুবিধা যেন প্রকৃত দরিদ্র ও অসচ্ছল মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে সমন্বিত পদ্ধতি চালুর সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সিন্ডিকেট, যোগসাজশ ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সংসদ ভবনে কমিটির সভাপতি মো. খালেদ হোসেন মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকে এসব সুপারিশ করা হয়।
বৈঠকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি মূল্য ও স্থানীয় খুচরা বাজারদরের ব্যবধান নিয়ে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অর্থ মন্ত্রণালয়ের যৌথ প্রতিবেদন উপস্থাপন করা হয়। পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের জনবল, কার্যক্রম ও অর্জনের তথ্যও কমিটির সামনে তুলে ধরা হয়।
কমিটি ভোজ্যতেল, ডিম, মুরগি, আটা, ময়দা, চাল, পেঁয়াজ ও আলুসহ নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ানোর ক্ষেত্রে যোগসাজশ ও কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে।
আমদানি-রপ্তানি কার্যক্রমে ডিলার নিয়োগের ক্ষেত্রেও পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বিদেশে বাণিজ্য মিশনে কর্মকর্তা পদায়নের সময় সংশ্লিষ্ট দেশের ভাষাজ্ঞান ও কাজের অভিজ্ঞতা বিবেচনার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের অনুসন্ধান ও তদন্তের মাধ্যমে বাজারে প্রতিযোগিতাবিরোধী চুক্তি, সরবরাহ নিয়ন্ত্রণ ও কৃত্রিম সংকট তৈরির প্রবণতা কমানোর উদ্যোগ অব্যাহত রাখার বিষয়ে কমিটিকে অবহিত করা হয়।
এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রেক্ষাপটে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক চুক্তি ও কার্যক্রম দ্রুত বাস্তবায়নেরও সুপারিশ করেছে কমিটি। দেশের সব স্তরে সেবার মান উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন