স্বামীর আর্থিক সক্ষমতা থাকা সত্ত্বেও দেনমোহর পরিশোধ না করে স্ত্রীকে তা আদায়ের জন্য আদালতের দ্বারস্থ হতে বাধ্য করলে, পারিবারিক আদালত স্ত্রীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিতে পারবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বুধবার এ বিষয়ে দেওয়া রায়ে হাইকোর্ট আরও বলেছেন, মুসলিম পারিবারিক আইনে স্ত্রীর সম্মতি ছাড়া নিকাহনামায় ‘বিলম্বিত দেনমোহর’ নির্ধারণের সুযোগ নেই। স্ত্রী দেনমোহর দাবি করলে তা তৎক্ষণাৎ প্রদেয় হিসেবে বিবেচিত হবে এবং স্বামীকে তা পরিশোধ করতে হবে।
দেনমোহর ও খোরপোষ সংক্রান্ত পারিবারিক আদালতের রায়ের বিরুদ্ধে স্বামী ইয়াকুব আলীর করা দেওয়ানি রিভিশন আবেদন খারিজ করে বিচারপতি মো. আব্দুর রহমানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালত বলেন, অধস্তন আদালতের দেওয়া রায় ও ডিক্রিতে এমন কোনো আইনগত ত্রুটি, অসম্পূর্ণতা কিংবা এখতিয়ারগত ভুল পাওয়া যায়নি, যার কারণে হাইকোর্টের হস্তক্ষেপ প্রয়োজন হতে পারে। ফলে পারিবারিক আদালতের সিদ্ধান্ত বহাল রাখা হয়।
আদালতের নির্দেশ অনুযায়ী, রায় ও আদেশের অনুলিপিসহ সংশ্লিষ্ট নথি দ্রুত অধস্তন আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মামলায় আবেদনকারীর পক্ষে আইনজীবী মো. নাজের উদ্দিন এবং বিবাদীপক্ষে আইনজীবী ইশরাত হাসান ও তানজিলা রহমান জুঁই শুনানি করেন। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী ইফফাত হাসান শাম্মী।

মন্তব্য করুন