রাজধানীর পান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর দ্বিতীয় দিনের সংলাপ। রোববার (৪ অক্টোবর) সকাল পৌনে ১০টা থেকে আমন্ত্রিত অতিথিদের নিয়ে একযোগে পাঁচটি রুদ্ধদ্বার সেশন শুরু হয়।

দ্বিতীয় দিনে গণতন্ত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু নিরাপত্তা, বৈশ্বিক বাণিজ্য, সুশাসন ও গণমাধ্যমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে এবার সংলাপটির পঞ্চম আসর বসেছে। শনিবার (৩ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন দিনের এ আন্তর্জাতিক সংলামের উদ্বোধন করেন। এবারের প্রতিপাদ্য ‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচার্স: নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন এ ওয়ার্ল্ড রিরিটেন’। সংলাপ শেষ হবে সোমবার (৫ অক্টোবর)।

দ্বিতীয় দিনের মূল মঞ্চে বক্তব্য দেবেন ভারতের সাবেক পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী ও সাংবাদিক এম জে আকবর, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এবং দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।

রাষ্ট্রযন্ত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে একটি বিশেষ সেশনেও আলোচনা হবে। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দারসহ দেশি-বিদেশি বিশেষজ্ঞরা অংশ নেবেন।

এ ছাড়া সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং বিভিন্ন দেশের সাবেক মন্ত্রী ও নীতিনির্ধারকেরা পৃথক সেশনে বক্তব্য দেবেন।

সংলাপে অংশ নেওয়া বক্তারা বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য, আন্তর্জাতিক নিরাপত্তা, অর্থনৈতিক রূপান্তর, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি, গণতন্ত্র ও সুশাসনের পাশাপাশি বঙ্গোপসাগরকেন্দ্রিক যোগাযোগ ও বাণিজ্য নিয়ে মতবিনিময় করছেন।