রাজধানীর গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাস টার্মিনাল আগামী তিন মাসের মধ্যে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

শনিবার (৩ অক্টোবর) মহাখালী বাস টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, চুনকুটিয়ার ঝিলমিল প্রকল্প এলাকায় ডিপোর জন্য ১০ একর জায়গা বরাদ্দ পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সেখানে ইতোমধ্যে ডিপোর কাজ শুরু করা হয়েছে। রাজউকের মাধ্যমে আরও প্রায় ৭৫ একর জায়গা পাওয়া যাবে। ওই জমিতে স্থায়ীভাবে বাস টার্মিনাল ও ডিপো স্থাপন করা হবে।

তিনি জানান, নতুন টার্মিনালে দক্ষিণবঙ্গগামী ১৯ জেলার পরিবহন ও ট্রাক স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বাদামতলী আড়তের ট্রাকও সেখানে নেওয়া হবে।

কবে নাগাদ স্থানান্তর সম্ভব হবে জানতে চাইলে মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, এ কাজের জন্য সর্বোচ্চ তিন মাস সময় নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাস নতুন টার্মিনালে স্থানান্তর করা হবে।

মহাখালী টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, সেখানে শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। কেউ সামান্য অনিয়মের চেষ্টা করলেও তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ঢাকা মহানগরের অসহনীয় যানজট এবং সড়ক পরিবহন খাতের বিশৃঙ্খলায় মানুষ অতিষ্ঠ। এই পরিস্থিতির পরিবর্তন প্রয়োজন।