পাঠ্যবই ছাপার কাজে কোনো ধরনের প্রতারণা করলে সংশ্লিষ্ট ছাপাখানাকে পরবর্তী বছর থেকে আর বই ছাপার কাজ দেওয়া হবে না বলে সতর্ক করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন।
শিক্ষামন্ত্রী বলেন, কোনো ছাপাখানা একবার প্রতারণা করলে পরবর্তী সময়ে তাকে আর পাঠ্যবই ছাপার সুযোগ দেওয়া হবে না। স্থানীয় শিল্পের উন্নয়নে সরকারের নির্দেশনা রয়েছে উল্লেখ করে তিনি ছাপাখানা মালিকদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, আগে ভারত থেকে পাঠ্যবই ছাপিয়ে আনার ঘটনা ছিল। এবার ছাপার মানে কিছুটা ভিন্নতা দেখা গেলেও দেশের ছাপাখানাগুলো সহযোগিতা করছে। সবাই সহযোগিতা করলে নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া সম্ভব হবে।
শিক্ষার্থীদের বছরের শুরুতেই পাঠ্যবই দেওয়ার প্রত্যাশা জানিয়ে ড. এহছানুল হক মিলন বলেন, ২০০১ থেকে ২০০৬ সালেও সময়মতো পাঠ্যবই ছাপিয়ে শিক্ষার্থীদের হাতে দেওয়া হয়েছিল। এবারও পাঠ্যবইয়ের মান ভালো থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সবার সহযোগিতা পাওয়া গেলে নির্ধারিত সময়ের মধ্যে বই ছাপানো শেষ করে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।



মন্তব্য করুন