
পচা-বাসি মিষ্টি, নোংরা পরিবেশে তৈরি চিপস, পোড়া তেল, নষ্ট মসলা আর তেলাপোকার বসতি—বন্দরনগরী চট্টগ্রামের বেশ কিছু নামীদামি ক্যাফে, বেকারি ও সুপার শপের ভেতরে ধরা পড়েছে স্বাস্থ্যঝুঁকির এমন ভয়াবহ চিত্র।
খাদ্যে ভেজাল, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং চরম অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে চট্টগ্রামের বিখ্যাত চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত।
শনিবার (২২ আগস্ট) সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন বিশুদ্ধ খাদ্য আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা।
অভিযানের নথিসূত্রে জানা যায়, অভিযানে ফ্লেভারস সুইটস অ্যান্ড বেকারিতে পচা-বাসি মিষ্টির উচ্ছিষ্ট সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ কেক-বিস্কুট, নিম্নমানের ঘি এবং পোকাযুক্ত বাদাম ব্যবহারের প্রমাণ মিলেছে।
এছাড়া পরিদর্শনের সময় আদালতের দলকে বাধা দিতে বিভিন্ন কক্ষ ও ফ্রিজার তালাবদ্ধ রাখারও অভিযোগ ওঠে।
এসব গুরুতর অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে সর্বোচ্চ ১৯ লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে মেরিডিয়ান ফুড প্রোডাক্টস লিমিটেডে দেখা গেছে তেলাপোকার গিজগিজ দৃশ্য।
পোকামাকড়যুক্ত ম্যাংগো পাল্প, বারবার ব্যবহার করা পোড়া তেল দিয়ে চিপস ও নিমকি তৈরির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে মেয়াদোত্তীর্ণ মোমো, পচা মসলা, লেবেলিংহীন পণ্য বিক্রি এবং নোংরা পরিবেশে মাংস সংরক্ষণের দায়ে উৎসব সুপার শপকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া প্রয়োজনীয় নিবন্ধন না থাকা এবং পচা-বাসি খাবার বিক্রির অপরাধে রিও ক্যাফে-মাজায়দারকে গুনতে হয়েছে ১ লাখ টাকা জরিমানা।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্যের মান নিশ্চিত করা এবং অস্বাস্থ্যকর পরিবেশের বিরুদ্ধে তাদের এই বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
