হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে ২৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। শনিবার (২৪ মে) রাত পৌনে ১০টার দিকে শায়েস্তাগঞ্জ থানার নতুন বধীজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৯ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল নতুন বধীজ এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
পরে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে গাঁজা থাকার তথ্য পাওয়া যায়। তাদের দেখানো মতে বসতঘরের খাটের নিচে রাখা তিনটি প্লাস্টিকের বস্তা থেকে ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে মো. কালাম মিয়ার কাছ থেকে ২০ কেজি এবং আনোয়ারা আন্নার কাছ থেকে ৯ কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— চুনারুঘাট উপজেলার বরোমপুর গ্রামের মৃত আলফু মিয়ার ছেলে মো. কালাম মিয়া (৬০) এবং জাবেদ মিয়ার স্ত্রী আনোয়ারা আন্না (২৪)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে মজুত রাখার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে র্যাব-৯ এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
Development by: webnewsdesign.com