নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ বাহিনীর অভিযানে ১টি দেশীয় একনলা বন্দুক ও ২টি রকেট ফ্লেয়ারসহ বাবুল নামে এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আজ রবিবার (২৪ মে) ভোর ৪টার দিকে উপজেলার টাংকির বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া এবং স্থানীয় পুলিশের একটি দল টাংকির বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাবুলের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে ১টি দেশীয় একনলা বন্দুক ও ২টি রকেট ফ্লেয়ার উদ্ধার করা হয় এবং বাবুলকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, আটককৃত বাবুল এলাকার একজন চিহ্নিত অপরাধী। এর আগেও বিভিন্ন অপরাধমূলক মামলায় একাধিকবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল সে।
উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে। কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং অপরাধ দমনে ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
Development by: webnewsdesign.com