বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে ভয়াবহ স্থলমাইন বিস্ফোরণে তিন পাহাড়ি চাষি নিহত হয়েছেন। আজ রবিবার (২৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে ঘুমধুম ইউনিয়নের ৪১ ও ৪২ নম্বর সীমান্ত পিলারের মধ্যবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন— স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের ভালুকিয়াপাড়া গ্রামের লেয়ারা (৪১), অংকেমং (৫০) ও চিংকা অং (৪০)। তারা সবাই পেশায় জুমচাষি ও দিনমজুর বলে জানা গেছে।
স্থানীয় ও দায়িত্বশীল সূত্র জানায়, সকালে ওই তিন ব্যক্তি সীমান্তসংলগ্ন একটি পাহাড়ি কলাবাগানে কাজ করতে যান। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে, আগে থেকে মাটির নিচে পুঁতে রাখা স্থলমাইনের ওপর পা পড়ায় এই হতাহতের ঘটনা ঘটে। তবে কারা, কেন এই মাইন পুঁতে রেখেছিল— সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
সীমান্তবর্তী বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে সীমান্তঘেঁষা বিভিন্ন পাহাড়ি এলাকায় অজ্ঞাত বিস্ফোরক ও মাইন থাকার গুঞ্জনে স্থানীয়দের মাঝে আগে থেকেই শঙ্কা ছিল। এই ঘটনার পর জুমচাষি, সাধারণ পাহাড়ি ও কৃষিজমিতে চলাচলকারী মানুষের মাঝে নতুন করে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা সীমান্ত এলাকার সাধারণ মানুষকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে সীমান্ত এলাকায় মাইন বা বিস্ফোরক শনাক্তে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, ঘুমধুম সীমান্ত এলাকায় বিস্ফোরণে তিনজন নিহতের খবর পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং সীমান্ত এলাকায় নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
Development by: webnewsdesign.com