পশু খাদ্যের দাম বাড়লেও জমজমাট সীতাকুণ্ডের কোরবানির হাট

শনিবার, ২৩ মে ২০২৬ | ৬:১৮ অপরাহ্ণ

পশু খাদ্যের দাম বাড়লেও জমজমাট সীতাকুণ্ডের কোরবানির হাট
apps
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বন্দরনগরী চট্টগ্রামের সীতাকুণ্ডের পশুর হাটগুলো জমজমাট হয়ে উঠেছে। শুরুর দিকে ক্রেতার সমাগম কিছুটা কম থাকলেও সময় গড়ানোর সাথে সাথে পাল্টে গেছে চিত্র। দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত চলছে কেনাবেচা। হাটে হাটে এখন ঈদের চিরচেনা উৎসবমুখর পরিবেশ।
​আজ শনিবার (২৩ মে) সীতাকুণ্ডের বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজ মাঠের পশুর হাট ঘুরে দেখা যায় ব্যাপক কর্মব্যস্ততা। মাঠজুড়ে সারি সারি গরু, ছাগল ও ভেড়ার পাশাপাশি কিছু মহিষের দেখাও মিলেছে। কেউ আসছেন দরদাম করতে, কেউ শুধু হাট ঘুরে দেখছেন, আবার কেউ পছন্দের পশুটি কিনে হাসিমুখে বাড়ি ফিরছেন। সব মিলিয়ে সীতাকুণ্ডের প্রতিটি আনাচে-কানাচে এখন ঈদের আমেজ।
​পশু খাদ্যের ঊর্ধ্বগতিতে বিক্রেতারা চিন্তিত
​বাড়বকুণ্ড হাটে আসা এক খামারি বলেন,
​”গত বছর ঈদে ১২টি গরু বিক্রি করে প্রায় ৪ লাখ টাকা লাভ করেছিলাম। কিন্তু এবার পশু খাদ্যের দাম অতিরিক্ত বেশি হওয়ায় গরুর দাম কিছুটা বাড়াতে হচ্ছে। না হলে লোকসান গুনতে হবে।”
​তবে দাম নিয়ে কিছুটা টানাপোড়েন থাকলেও দেশি গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে।
​চাহিদার চেয়ে জোগান বেশি, প্রস্তুত মেডিকেল টিম
​সীতাকুণ্ড উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সহকারী ডা. কল্লোল বড়ুয়া জানান, এবার পুরো উপজেলায় ১০টি ইউনিয়নে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ১৬টি পশুর হাট বসানো হয়েছে, যা গত বছরের তুলনায় বেশি।
​তিনি আরও বলেন,
​”চলতি বছর সীতাকুণ্ডে কোরবানির পশুর চাহিদা প্রায় ৪০ হাজার ৯০০টি। এর বিপরীতে আমাদের স্থানীয় খামারিদের কাছে মজুদ আছে ৪৩ হাজার ৮২০টি পশু। অর্থাৎ, চাহিদার প্রায় পুরোটাই স্থানীয়ভাবে পালিত দেশি পশু দিয়ে মেটানো সম্ভব হবে।”
​হাটে আসা পশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে ৬টি বিশেষ ভেটেরিনারি মেডিকেল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে বলে তিনি নিশ্চিত করেন।
​প্রশাসনের কড়া নজরদারি ও নিরাপত্তা
​হাটের সার্বিক নিরাপত্তা নিয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন,
​”এবার কোরবানির পশুর হাটগুলোতে প্রশাসনের কঠোর তদারকি রয়েছে। ক্রেতা-বিক্রেতারা যাতে প্রতারিত না হন, সেজন্য জাল টাকা শনাক্তকরণ মেশিনসহ প্রতিটি হাটে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।”
​নিরাপত্তার বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, হাটের শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো ধরনের অনিয়ম বা চাঁদাবাজির চেষ্টা করা হলে তাৎক্ষণিক কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Development by: webnewsdesign.com