মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ ও সড়ক পরিবহন আইন-২০১৮ এর বিভিন্ন ধারায় মোট ৪টি মামলায় ১ লাখ ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শহরের কুসুমবাগ এলাকায় অবস্থিত “সুমা ফুড” নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করা, অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা এবং আমদানিকারকের স্টিকারবিহীন পণ্য বিক্রয়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭, ৩৮ ও ৫২ ধারায় ১টি মামলায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া শহরের শাহ মোস্তফা রোড এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪, ১৬(১) ও ৪৯(১)(চ) ধারায় লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চালনা এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে ৩টি মামলায় মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্টদের আইন মেনে ব্যবসা পরিচালনা এবং সড়ক পরিবহন বিধিমালা যথাযথভাবে প্রতিপালনের আহ্বান জানানো হয়।
Development by: webnewsdesign.com