রাজশাহীর পবা উপজেলার বামন শেখর এলাকায় ঋণের দায় এবং খাবারের অভাবে দুই সন্তানসহ স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক স্বামী। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাতে পারিলা ইউনিয়নের বামনশেখর এলাকায় এ ঘটনা ঘটে।

নিজ বাড়ির শোয়ার ঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। দিবাগত গভীর রাত থেকে আজ শুক্রবার ভোরের মধ্যে যেকোনো সময় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মতিহার থানার ওসি আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, মিনারুল ইসলাম, মনিরা বেগম, শিশু মিথিলা খাতুন ও মাহিম। প্রাথমিকভাবে জানা গেছে, মৃত্যুর আগে মনিরুল একটি সুইসাইড নোট লিখে গেছেন। নোটে তিনি ঋণগ্রস্ত এবং সাংসারিক প্রচন্ড অভাবের কথা উল্লেখ করেছেন।

চিরকুটে মিনারুল লিখেছেন, “আমি নিজ হাতে সবাইকে মারলাম। এই কারণে যে আমি যদি মরে যাই, তাহলে আমার ছেলেমেয়ে কার আশায় বেঁচে থাকবে। কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না। আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাবারের অভাবে। তাই আমরা বেঁচে থাকার চেয়ে মরে গেলাম সেই ভালো। কারো কাছে কিছুই চাইতে হবে না। আমার জন্য কাউকে কারো কাছে ছোট হতে হবে না। আমার জন্য আমার বাবা অনেক লোকের কাছে ছোট হয়েছে। আর হতে হবে না। চিরদিনের জন্য চলে গেলাম। আমি চাই সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।”

রাজশাহী মহানগরীর মতিহার থানার ভার প্রাপ্তকর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ‘ঘটনাস্থলে ইতিমধ্যে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও সেখানে রওনা হয়েছি। এখন বিস্তারিত কিছু বলতে পারছি না। তবে ধারণা করা হচ্ছে, মনিরুল তার স্ত্রী ও সন্তানদের শ্বাসরোধে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। লাশ সেখান থেকে উদ্ধারের পর রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।’ আইগনত প্রক্রিয়া শেষে পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।