ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি বালুবাহী ট্রাক বিকল হয়ে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার এলাকা দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। বুধবার রাত সাড়ে ৩টা থেকে শুরু হওয়া এ যানজট আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকাল ৪টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়কে যানজট ছিল। ফলে চরম ভোগান্তিতে পড়ে দূরদূরান্তের যাত্রীরা। এ অবস্থায় যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৩টার দিকে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক সরাইল বিশ্বরোড গোলচত্বর এলাকায় হঠাৎ বিকল হয়ে যায়। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের পাশ দিয়ে মাটি ফেলে বিকল্প পথ তৈরির চেষ্টা করে। এর মধ্যে সড়কের অসংখ্য গর্তের কারণে আরও কয়েকটি গাড়ি আটকে পড়ে যানজট সৃষ্টি হয়। সকাল ৮টার দিকে সেনাবাহিনীর সদস্যরা শৃঙ্খলা ফেরাতে কাজ শুরু করেন। অবশেষে সকাল সোয়া ৯টার দিকে বিকল ট্রাকটি রেকার দিয়ে সরিয়ে নেওয়া সম্ভব হয়। তবে ট্রাকের কারণে সরাইল উপজেলার বেড়তলা থেকে বিশ্বরোড মোড় ও কুট্টাপাড়া হয়ে শাহবাজপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট লেগে আছে। যানবাহনের ধীরগতি এবং সড়কের গর্তের কারণে বিকাল ৪টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলে জানা গেছে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, বিশ্বরোড মোড়ের গর্তগুলো দ্রুত ভরাট করে রাস্তার পাশ সমান করা গেলে এ ধরনের যানজট অনেকাংশে কমে যাবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে যান চলাচল সচল রাখা যায়।
