বগুড়ায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (২৪ জুন) বগুড়ার শাখারিয়া এলাকায় রাতভর সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ছিনতাইকৃত মোবাইল উদ্ধারসহ কিশোরগ্যাংয়ের দুই সদস্য আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তি আসিফ ও শাওন। তারা কিশোর গ্যাংয়ের দুই সক্রিয় সদস্য।

সেনাবাহিনীর সূত্রে জানা যায়, সদরের শাখারিয়া এলাকায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চলমান নিরাপত্তা ও নজরদারি হিসেবে সেনাবাহিনীর রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত যৌথ অভিযানে ২৬টি দেশীয় অস্ত্র, ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বগুড়া সদর সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট আল ফাহাদ অভিযানে নেতৃত্ব দেন।

আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। উদ্ধার করা অস্ত্র ও মোবাইলসহ তাদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে ২৩ জুন ওই এলাকায় অভিযান চালিয়ে ৫টি দেশীয় অস্ত্র ও একটি ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনী।