রাজশাহীতে সড়কে পরপর দুটি ট্রাক দুর্ঘটনায় একজন হেলপার নিহত হয়েছেন। সোমবার (২৬ মে) ভোররাত সাড়ে ৪টার দিকে মহানগরের কাশিয়াডাঙ্গা-আমচত্বর সড়কের সিটি হার্টের পাশে খিরশন টিকর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এর পৌনে দুই ঘণ্টা আগে একই স্থানে প্রথম দুর্ঘটনাটি ঘটে।

নিহত হেলপারের নাম সুমন হোসেন (২৬)। ময়মনসিংহের হালুয়াঘাট এলাকার বাসিন্দা ছিলেন তিনি।

জানা গেছে সোমবার দিবাগত রাত বারোটার দিকে খিরসিন্টিকড় এলাকায় একটি ট্রাক আরেকটি ট্রাকের পিছনে ধাক্কা দিলে দুই জন আহত হয়, স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ সময় দুর্ঘটনায় পতিত ট্রাকটি রাস্তায় পড়েছিল।

ট্রাকটি রাস্তা থেকে সরানোর কোন ব্যবস্থা নেননি পুলিশ, ট্রাকটি রাস্তায় ফেলে রেখে চলে যান, পরবর্তীতে ভোররাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা আরেকটি ট্রাক থেমে থাকা ওই ট্রাকটিকে ধাক্কা দেয়, এই সময় ট্রাকটির হেলপারের মাথার শরীর থেকে দ্বিখণ্ডিত হয়ে যায়। ট্রাকের মধ্যে হেলপারের দেহ আটকা পড়লে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কাশিয়াডাঙ্গা স্টেশন ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সদস্যরা তাকে উদ্ধার করে, পরবর্তীতে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

স্থানীয় ও ট্রাকচালকরা জানান, পুলিশ যদি রাস্তা থেকে গাড়িটি হটাতো অথবা কোন চিহ্ন দিয়ে রাখত তাহলে এই ধরনের দুর্ঘটনা ঘটতো না

রাজশাহীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মোস্তারিন জানান, প্রথমে একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছন থেকে একটি পাথরবোঝাই ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেলে এর চালক গুরুতর আহত হন। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

এর পৌনে দুই ঘণ্টা পরে দুর্ঘটনাকবলিত ট্রাকটির পেছনে আরেকটি ট্রাক এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান পেছনের ট্রাকটির হেলপার সুমন হোসেন। পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ওসি মাসুমা মোস্তারিন আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।